
নিখোঁজ যুবতীর দেহ উদ্ধারের পর অভিযুক্ত যুবকের বাড়ি ভাঙচুর করলো উত্তেজিত গ্রামবাসী।
ঘটনাটি ঘটেছে ইসলামপুরের কালনাগীন এলাকায়
শুক্রবার ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলা ইসলামপুর থানার কালানাগীন এলাকায়। এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে ইসলামপুর থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় সূত্রে খবর
মৃত ওই যুবতীর নাম সাবিনা খাতুন (২২)। বাড়ি ইসলামপুর থানার বাগিচা বস্তি গেন্নাবাড়ি এলাকায়। স্হানীয় সূত্রে জানা গিয়েছে অভিযুক্ত যুবক নবাবের সাথে প্রেমের সম্পর্ক ছিল দীর্ঘদিন ধরে। এরপর গত ২৮ শে মার্চ সাবিনা খাতুন নামে ওই যুবতী নিখোঁজ হয়ে যায়। এরপর নিখোঁজ যুবতীর পরিবারের তরফ থেকে কালানাগীনের বাসিন্দা যুবক নবাব এর নামে ইসলামপুর থানায় অপহরণের অভিযোগ করে।
অভিযুক্তকে আটক করলেও তরুণীর খোঁজ মেলেনি
এরপর পুলিশ অভিযুক্ত নাবাবকে গ্রেফতার করলে ও যুবতীর খোঁজ পাওয়া যায়নি। পরবর্তীতে পুলিশ রিমান্ডে থাকার পর অভিযুক্ত খুনের কথা স্বীকার করে নেন।
পুলিশের অনুমান
ওই যুবতীকে কার্সিয়াংয়ে কোন এক জায়গায় একটি ঘরে মধ্যে খুন করে দেহ পাহাড় থেকে নিচে ফেলে দেয় বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। পরবর্তীতে পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলিগুড়ি মেডিক্যালে পাঠানো হয়।
বৃহস্পতিবার সন্ধ্যায় মেয়ের পরিবারের লোকজন জানতে পারেন তাদের মেয়ের মৃতদেহ উদ্ধার হয়েছে। অভিযুক্তর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন মৃত যুবতীর বাবা।