কলকাতা, ১২ মার্চ: পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় ব্যাপক কারচুপির অভিযোগ তুলে নির্বাচন কমিশনকে সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দিল সিপিএম। নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে ম্যারাথন বৈঠক শেষে বেরিয়েই বিস্ফোরক অভিযোগ তুললেন সিপিআই(এম)-এর রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। তিনি সাফ জানান, পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় ব্যাপক কারচুপি হয়েছে এবং এর ফলে প্রায় ৬০ লক্ষ ভোটারের নাম বাদ পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
সেলিম অভিযোগ করেন, বিশেষ সংশোধন প্রক্রিয়ার (SIR) আড়ালে সাধারণ মানুষের নাম সুপরিকল্পিতভাবে বাদ দেওয়া হয়েছে। তালিকায় নাম বাদ পড়ার ফলে বিশেষ করে মতুয়া, আদিবাসী এবং সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষেরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন।
গত ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর দেখা গেছে, ৬০ লক্ষাধিক মানুষের নাম তালিকায় থাকলেও তা ‘বিচারাধীন’ বা ‘under adjudication’ হিসেবে চিহ্নিত — অর্থাৎ এই মুহূর্তে তারা ভোটদানের অধিকার থেকে বঞ্চিত। এছাড়া খসড়া তালিকা প্রকাশের পর নতুন করে ৫ লক্ষ ৪৭ হাজার ভোটারের নাম ‘বাতিল’ করা হয়েছে।
ভোটার তালিকায় ব্যাপক অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন কমিশনের সামনে বিক্ষোভে শামিল হয়েছিল সিপিআই(এম)। মহম্মদ সেলিম ও সুজন চক্রবর্তীর নেতৃত্বে এই বিশাল প্রতিবাদ মিছিল সংগঠিত হয়েছিল।
সেলিম আরও জানান, দীর্ঘ সময় ধরে ভোট প্রক্রিয়া চললে জনজীবন বিপর্যস্ত হয় এবং কারচুপির সুযোগ বাড়ে। তাই বামেদের দাবি, সর্বোচ্চ দুই দফায় ভোট সম্পন্ন করতে হবে।
বামেদের স্পষ্ট বক্তব্য — একটিও বৈধ ভোটারের নাম বাদ রেখে রাজ্যে নির্বাচন করা চলবে না। পুরো বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে চাপা উত্তেজনা বিরাজ করছে।

By nb24x7

দিনদুনিয়ার খাসখবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *