নিউজডেস্ক: চোপড়া, ১২ মার্চ: অসময়ের বৃষ্টি আর তীব্র খরায় বারবার মার খাচ্ছেন কৃষকরা। জলবায়ু পরিবর্তনের এই বেপরোয়া থাবা থেকে চাষিদের রক্ষা করতে এবার মাঠে নামল উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়। বৃহস্পতিবার চোপড়ায় আয়োজিত হলো বিশেষ ‘আবহাওয়া ভিত্তিক সচেতনতা শিবির’।
‘গ্রামীণ কৃষি মৌসুম সেবা’ প্রকল্পের অধীনে আয়োজিত এই শিবিরের মূল লক্ষ্য ছিল প্রতিকূল আবহাওয়ায় কৃষকরা যাতে আগাম সতর্কতামূলক ব্যবস্থা নিতে পারেন, সেই বিষয়ে সচেতনতা গড়ে তোলা। শিবিরে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রকল্পের প্রিন্সিপাল নোডাল অফিসার প্রফেসর শুভেন্দু বন্দ্যোপাধ্যায়।
জেলার বিভিন্ন ব্লক থেকে প্রায় ৪০ জন সার বিক্রেতা এবং ৩০ জন প্রগতিশীল কৃষক এই শিবিরে অংশ নেন। আয়োজকরা জানান, এই ডিলার ও প্রগতিশীল কৃষকরাই সেতুবন্ধনের ভূমিকা পালন করবেন। তাঁদের মাধ্যমেই আধুনিক কৃষি প্রযুক্তি ও আবহাওয়া সংক্রান্ত পরামর্শ পৌঁছে যাবে গ্রামের প্রত্যন্ত প্রান্তের সাধারণ চাষিদের কাছে।
বিশ্ববিদ্যালয়ের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এলাকার কৃষকরা। তাঁদের বক্তব্য, ব্লকের প্রতিটি কোণায় এই পরামর্শ পৌঁছালে জেলার সামগ্রিক ফলন বাড়বে এবং চাষিদের লোকসানের ঝুঁকিও উল্লেখযোগ্যভাবে কমবে।

By nb24x7

দিনদুনিয়ার খাসখবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *