নিউজডেস্ক:
চোপড়া বিধানসভা কেন্দ্রে নির্বাচনী উত্তাপ ক্রমশ বাড়ছে। তারই মাঝে জোরকদমে প্রচারে নেমে শক্তি প্রদর্শন করলেন কংগ্রেস প্রার্থী জাকির আবেদিন। শনিবার দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের একাধিক এলাকায় হুড খোলা গাড়ি, হাজারো কর্মীর বাইক মিছিল এবং পদযাত্রার মাধ্যমে ব্যাপক প্রচার চালান তিনি।
প্রচারের সময় রাস্তার দু’ধারে ভিড় জমাতে দেখা যায় সাধারণ মানুষকে। প্রার্থীকে এক নজর দেখতে এবং সমর্থন জানাতে বহু মানুষ এগিয়ে আসেন। গোটা এলাকা জুড়ে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ, যা কংগ্রেস প্রার্থীর পক্ষে বাড়তে থাকা জনসমর্থনের ইঙ্গিত বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।
প্রচারের ফাঁকে দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের গোয়াবাড়ি হাটে একটি কর্মী সভা করেন জাকির আবেদিন। সেখানে তিনি দলীয় কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং আসন্ন নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।
এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন চোপড়া ব্লক কংগ্রেস সভাপতি মসিরুদ্দিন, যুব সভাপতি মেহেবুব আলম সহ দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের কংগ্রেস নেতৃত্ব।
চোপড়ায় কংগ্রেসের এই শক্তি প্রদর্শন যে নির্বাচনী লড়াইকে আরও তীব্র করে তুলেছে, তা বলাই বাহুল্য।