নিউজডেস্ক: চোপড়া ব্লকের ৩১ নম্বর জাতীয় সড়কে রবিবার ভোরে ভয়াবহ দুর্ঘটনা। সুফলগছ-মেরধাগাছ এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে উল্টে যায় কয়লা বোঝাই ১৮ চাকার একটি বিশাল ট্রেলার।
সূত্র জানাচ্ছে, হলদিয়া থেকে কয়লা নিয়ে বাগডোগরা বিমানবন্দরের উদ্দেশে রওনা দিয়েছিল ট্রেলারটি। প্রত্যক্ষদর্শীদের অনুমান, ভোররাতে চলন্ত অবস্থায় চালক ঘুমিয়ে পড়েন, আর তাতেই মুহূর্তের মধ্যে ঘটে বিপত্তি। বিশালকার যানটি রাস্তার পাশের নয়ানজুলিতে আছড়ে পড়ে।
দুর্ঘটনায় বড় প্রাণহানি না ঘটলেও ট্রেলারের চালক ও খালাসি দুজনেই হালকা আহত হন। শব্দ শুনে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের তৎপরতায় আহত দুজনকে দ্রুত উদ্ধার করে দলুয়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয়।
ট্রেলারটি নয়ানজুলিতে পড়ার সময় রাস্তার পাশের বিদ্যুতের খুঁটি ও তার ছিঁড়ে নিয়ে যায়। ফলে গোটা এলাকায় বিদ্যুৎ পরিষেবা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ে। রবিবারের সকালে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।
খবর পেয়ে চোপড়া থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং পুরো বিষয়টি তদন্ত শুরু করেছে।

By nb24x7

দিনদুনিয়ার খাসখবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *