উত্তর দিনাজপুর:
চোপড়া থানার তিনমাইল বাসস্ট্যান্ড এলাকায় ভয়াবহ পথ দুর্ঘটনায় এক বাইক আরোহীর মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যায় একটি ট্যাঙ্কারের সঙ্গে সংঘর্ষের পর চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। মৃতের নাম মন্টু সিংহ (৩৭)। তিনি সোনাপুর গ্রাম পঞ্চায়েতের লালুগছ গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার সন্ধ্যায় শিলিগুড়িগামী জাতীয় সড়কে একই দিকে যাওয়ার সময় একটি দ্রুতগতির ট্যাঙ্কারের সঙ্গে মোটরবাইকটির জোরালো সংঘর্ষ হয়। ধাক্কার তীব্রতায় বাইক চালক ট্যাঙ্কারের চাকার নিচে চলে যান। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পুরো দুর্ঘটনার দৃশ্য পাশের একটি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে।
দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত হয়। খবর পেয়ে চোপড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালের মর্গে পাঠায়। পুলিশ ঘাতক ট্যাঙ্কারটিকে আটক করেছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে।
এদিকে, স্থানীয় বাসিন্দা প্রেম বিশ্বাসের অভিযোগ, তিনমাইল বাসস্ট্যান্ড সংলগ্ন পিডব্লিউডি রাস্তা টোটো স্ট্যান্ড, মাছের বাজার ও কিছু দোকানদারের অবৈধ দখলে থাকায় সাধারণ মানুষ এবং বাইক আরোহীরা সাইড দিয়ে চলাচল করতে পারছেন না। ফলে বাধ্য হয়ে জাতীয় সড়ক ব্যবহার করতে হচ্ছে। তাঁর দাবি, এই অপরিকল্পিত রাস্তা দখলই এদিনের মর্মান্তিক দুর্ঘটনার অন্যতম কারণ।

By nb24x7

দিনদুনিয়ার খাসখবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *