নিউজডেস্ক :
বৃহস্পতিবার ইসলামপুরে শক্তি প্রদর্শন করল তৃণমূল কংগ্রেস। ইসলামপুর মহকুমা শাসকের দপ্তরে মনোনয়ন পত্র দাখিল করলেন মহকুমার চারটি বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থীরা।
এদিন মনোনয়নকে কেন্দ্র করে সকাল থেকেই শহরজুড়ে ছিল উৎসবের আবহ। ইসলামপুর ট্রাক স্ট্যান্ড থেকে একটি বিশাল মিছিল বের হয়। প্রার্থীদের নেতৃত্বে সেই মিছিল মহকুমা শাসকের দপ্তরের উদ্দেশ্যে অগ্রসর হয়। মিছিলে অংশ নেন বিপুল সংখ্যক দলীয় কর্মী-সমর্থক। ঢাক-ঢোল, দলীয় পতাকা ও স্লোগানে মুখর হয়ে ওঠে গোটা ইসলামপুর শহর।
মনোনয়ন দাখিল করেন চোপড়া বিধানসভা কেন্দ্রের প্রার্থী হামিদুল রহমান, ইসলামপুর কেন্দ্রের প্রার্থী কানাইয়ালাল আগরওয়াল, গোয়ালপোখর ১ নম্বর ব্লকের প্রার্থী গোলাম রাব্বানী এবং গোয়ালপোখর ২ নম্বর ব্লকের প্রার্থী মিনাজ আরফিন আজাদ।
মনোনয়ন জমা দেওয়ার পর তৃণমূল নেতৃত্ব জানায়, উন্নয়নই তাদের মূল ইস্যু। রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজকে সামনে রেখেই তারা ভোটের লড়াইয়ে নামছেন। পাশাপাশি চারটি কেন্দ্রেই জয় নিয়ে তারা যথেষ্ট আশাবাদী বলেও দাবি করেন নেতারা।