
শর্মিষ্ঠা কুন্ডু
আজ বিশ্ব কবিতা দিবস—
তবু কোথাও কোনো শব্দের উৎসব নেই,
নেই উচ্চারণের ভেতরে নরম কাঁপন,
শুধু ছাপা অক্ষরের শুষ্ক নিঃশ্বাস।
আজকাল কেউ কবিতা যাপন করে না—
দু’একটা লাইক,
মাঝে মাঝে বাহবা,
সংলাপহীন এক অভিনয় মাত্র।
কেউ থেমে পড়ে না শব্দের পাশে,
কেউ ছুঁয়ে দেখে না
একটা লাইনের ভেতরে জমে থাকা অন্ধকার,
বা হঠাৎ ফুটে ওঠা আলো।
অনুভূতি এখন আড়ালে—
চোখে পড়ে না,
শুধু স্ক্রল করে চলে যায় সময়,
অক্ষরগুলো পড়ে থাকে
অপঠিত, অপ্রকাশিত, অসহায়।
তারা যেন বন্দী—
দাসত্বের অদৃশ্য শৃঙ্খলে বাঁধা,
কারও মনের দরজায় কড়া নাড়তে গিয়ে
ফিরে আসে বারবার।
একসময় কবিতা ছিল—
মানুষের ভেতরের গোপন উচ্চারণ,
আজ তা শুধু পোস্ট,
নির্বাক প্রতিক্রিয়ার অপেক্ষায় ঝুলে থাকা।
তবু কোথাও—
একটা শব্দ এখনও জেগে থাকে,
অপেক্ষা করে—
কেউ তাকে সত্যি করে পড়বে বলে।
সেই পাঠক কি আর আসবে?
নাকি অক্ষরগুলো এভাবেই
চুপচাপ শিখে নেবে—
বেঁচে থেকেও না-বাঁচার শিল্প?